১ ডজন ফেসবুক পেজ ও আইডির বিরুদ্ধে ডিবিতে সাদিক কায়েমের অভিযোগ

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম দাবি করেছেন, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও অপমানজনক তথ্য ছড়ানো হচ্ছে। 

এসব অপপ্রচার বন্ধে তিনি এক ডজন ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডির বিরুদ্ধে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়ে অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ডিবি কার্যালয় থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের সামনে বিষয়টি তুলে ধরেন। এ সময় ডাকসুর কয়েকজন নেতা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

অভিযোগে যেসব পেজ ও আইডির নাম উল্লেখ করা হয়েছে, তার মধ্যে আছে—ডাকসু কণ্ঠস্বর, BongoGraph, আমার ডাকসু, The Nationalist Data, কাঁঠেরকেল্লা, রৌমারি, DU Insiders (যারা নানাভাবে নাম পরিবর্তন করে), ইয়ার্কি ও বটজিপিটি—মোট ৯টি পেজ। পাশাপাশি এনামুল হক শান্ত, আশিকুর রহমান ও সাইফ আল মাহমুদ নামে তিনটি ব্যক্তিগত আইডির নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সাদিক কায়েমের ভাষ্য অনুযায়ী, উল্লেখিত বেশিরভাগ পেজ একটি রাজনৈতিক দলের সমর্থকদের দ্বারা পরিচালিত। তিনি জানান, “আমরা ডিবিকে সব লিংক হস্তান্তর করেছি। তাদের সাইবার টিম বিষয়টি পর্যালোচনা করছে। বিটিআরসির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। খুব শিগগিরই এসব পেজের অ্যাডমিনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ডিবি আমাদের আশ্বস্ত করেছে।”

তিনি আরও বলেন, “অনলাইনে যারা গুজব, চরিত্রহনন, সাইবার বুলিং বা হ্যারাসমেন্টে জড়িত—তারা অপরাধী। তারা কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে তা এখানে বিবেচ্য নয়।”

সাদিক কায়েম অভিযোগ করেন, আগের দিনও BongoGraph নামের একটি পেজ তার বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়েছে। “আজ যে অভিযোগ দিয়েছি, সেখানে এসব সবকিছুই অন্তর্ভুক্ত রয়েছে। আমরা এখন শাহবাগ থানায় গিয়ে মামলার কপি জমা দেব। আশা করছি অপরাধীদের বিচার নিশ্চিত হলে অনলাইন হয়রানি ও প্রচারণা বন্ধে দৃষ্টান্ত স্থাপিত হবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত