বিজয়নগরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি পালিত

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম

নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কর্মবিরতি পালন করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন তারা। ১১ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ কর্মীদের এ কর্মবিরতি চলবে। এ সময় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। এ দিকে কর্মবিরতি থাকার কারণে সেবা বঞ্চিত হচ্ছে সেবা গ্রহীতারা। 

কর্মসূচিকে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক ফরিদ উদ্দিন ভূঞা, মো. মোকারিম হোসেন, পরিবার কল্যাণ সহকারী তাছলিমা আক্তার ঝিনুক, পরিবার কল্যাণ পরি দর্শিকা লতিফা খানম, পরিবার পরিকল্পনা পরিদর্শক কিরিট মজুমদার।

বক্তারা বলেন, সারা দেশে ৩৩ হাজার ৭১০ জন কর্মরত। বিভিন্ন পদ ধারীরা জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন ও নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। আমরা প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টি সেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিচ্ছি। অথচ আমাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনও পদোন্নতি হচ্ছে না।

তারা আরও বলেন, আমাদের চাকরি রাজস্ব খাত ভুক্ত, কিন্তু নিয়োগ বিধি নেই। সেজন্য আমরা বেতন গ্রেড উন্নতকরণ, পদোন্নতিসহ চাকরিরত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত