নকল প্যাকেটে নকল ফুড কালার ও ফুড ফ্লেভার বিদেশি ব্রান্ডের নামে বাজারজাত করত বগুড়ার রুবেল কেমিক্যাল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ মনিটরিংয়ে বিষয়টি নজরে আসে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের রাজাবাজারে মনিটরিং কালে মেসার্স রুবেল কেমিক্যাল এন্ড সিরামিকস নামে একটি কেমিক্যাল বিক্রয়ের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ওই দোকানে মেয়াদোত্তীর্ণ আতর বিক্রয়, আমদানিকৃত পণ্যে স্টিকার না থাকা, দেশীয় কেমিক্যাল মোড়কজাত করে বিদেশি কোম্পানির স্টিকার ব্যবহার করা, বিভিন্ন ব্র্যান্ডের স্টিকার লোকাল প্রতিষ্ঠানে বিক্রয় করতে দেখে। প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন লক্ষ টাকা আর্থিক জরিমানা ও প্রতিষ্ঠানটি সাময়িক সিলগালা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারি পরিচালক মেহেদী হাসান ও নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলের নেতৃত্বে অভিযানে ক্যাব ও জেলা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করেন।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারি পরিচালক মেহেদী হাসান।
