যৌন হয়রানির অভিযোগ: জাহানারার কারণে তদন্ত কমিটির প্রতিবেদন পেছালো

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক–ম্যানেজার মনজুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন জাহানারা আলম। অভিযোগ তদন্তে বিসিবি তদন্ত কমিটিও গঠন করেছে, যাদের ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল।

কিন্তু মঙ্গলবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ বা বক্তব্য দিতে বাড়তি সময় চেয়েছেন নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা। যে কারণে স্বাধীন তদন্ত কমিটির কাজের সময়সীমা আরও ১৫ কার্যদিবস বাড়ানো হয়েছে। এর আগে জাহানারাকে স্বাধীন তদন্ত কমিটির কাছে লিখিতভাবে অভিযোগ জানাতে বলা হয়েছিল। বিসিবির আশা, ২০ ডিসেম্বরের মধ্যে তদন্ত রিপোর্ট পাওয়া যাবে।

জাহানারার অভিযোগ তদন্তে গত ৯ নভেম্বর তিন সদস্যের কমিটির নাম ঘোষণা করে। কমিটির আহ্বায়ক করা হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমকে। বাকি দুই সদস্য বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। তিন দিন পর কমিটিতে আরো দুজনকে যুক্ত করা হয়- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বর্তমান বাংলাদেশ আইন কমিশনের সদস্য অধ্যাপক ড. নাইমা হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত