খুলনা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপথ থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।
খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনূর জাহানের নেতৃত্বে দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন জানান, অভিযানের সময় মহানগরীর ক্লে রোড ও স্টেশন রোডের সংযোগস্থলে ফুটপাথ দখল করে জুতো-স্যান্ডেল বিক্রি করার অপরাধে মো. কালামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নোংরা পরিবেশে খাবার বিক্রির দায়ে মডার্ন হোটেলের স্বত্বাধিকারী জয়দেবকে ৫ হাজার টাকা, কেডি ঘোষ রোড ও ফুটপাথের ওপর ইট-বালু রাখার অপরাধে মো. আনোয়ারুজ্জামানকে ৫ হাজার টাকা এবং ফুটপাথের ওপর মেশিনারিজ সামগ্রী রাখার দায়ে যশোর রোডের খুলনা বিল্ডার্স অ্যান্ড মেশিনারিজের স্বত্বাধিকারী মো. মাশুককে ২ হাজার টাকা জরিমানা করা হয়- যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ ছাড়া, অভিযানে ক্লে রোড, কেডি ঘোষ রোড ও ডাকবাংলো এলাকার সড়ক ও ফুটপথ থেকে অবৈধ দখল অপসারণ করা হয়।
