বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)’র ১-১২তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আয়োজন করে সম্মিলিত এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফেডারেশন। ১-১২তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত সনদধারী প্রার্থীদের নিয়োগের জন্য প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশ চেয়ে প্রজ্ঞাপন জারির দাবি জানান নিয়োগ বঞ্চিতরা। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এনটিআরসিএ যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা বাতিলের দাবি জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সম্মিলিত জোটের নির্বাহীÑ আমির হোসেন, নীলিমা চক্রবর্তী, জিএম ইয়াসিন, রুহুল আমিন পাখি, শাহ আলম, রুহুল আমিন হাতেমী। বক্তারা বলেন, এনটিআরসিএ যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তা অত্যন্ত নিন্দনীয় ও মিথ্যা। এনটিআরসিএ ১-১২তমদের যে সনদ প্রদান করেছে, সেখানে চাকরি প্রার্থীদের বয়স শিথিলযোগ্য। তারা আরও বলেন, এনটিআরসিএর আওতায় যখন নিয়োগ দেওয়ার ক্ষমতা দেওয়া হয় এবং তারা যখনই ক্ষমতাটা গ্রহণ করে তখন তাদের উচিত ছিল এ পর্যন্ত যাদের সনদ প্রদান করা হয়েছে তাদের মধ্যে কজন নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং কজন হননি তা যাচাই করা।
