টি-টোয়েন্টির র‌্যাংকিংয়ে আটে মোস্তাফিজ, ব্যাটিংয়ে বড় লাফ পারভেজ–হৃদয়ের

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম

আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি–টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার মিলেছে র‍্যাঙ্কিংয়েও। আজ প্রকাশিত আইসিসির সাপ্তাহিক হালনাগাদে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার বড় ধরনের উন্নতি করেছেন।

টি–টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় অগ্রগতি ওপেনার পারভেজ হোসেন ইমনের। তিন ম্যাচে ৩৮.৫০ গড়ে ৭৭ রান করে তিনি এক লাফে ২১ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠেছেন। সিরিজে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করা তাওহিদ হৃদয়ও উন্নতি করেছেন ৫ ধাপ, এখন তিনি ৪৩ নম্বরে।

বোলিং র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের ক্রিকেটাররা রাজত্ব দেখিয়েছেন। সিরিজের তৃতীয় ম্যাচে মাত্র ১১ রানে ৩ উইকেট নেওয়া মোস্তাফিজুর রহমান দুই ধাপ এগিয়ে এখন ৮ নম্বরে, তার রেটিং পয়েন্ট ৬৬৫। এই ফরম্যাটে মোস্তাফিজের সেরা র‌্যাংকিং ছিল ৫, ২০১৭ সালে। 

সিরিজসেরা শেখ মেহেদি হাসানও পেয়েছেন র‍্যাঙ্কিং পুরস্কার—তিনি ৩ ধাপ উঠে ১৪ নম্বরে।

তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন লাফিয়েছেন ৫ ধাপ, উঠেছেন ১৯তম স্থানে। সমান অগ্রগতি স্পিনার নাসুম আহমেদেরও—তিনি এখন ২৫ নম্বরে। পেসার তানজিম হাসান সাকিব এগিয়েছেন ২ ধাপ, অবস্থান এখন ৩৫।

তবে খরুচে বোলিংয়ের কারণে শরিফুল ইসলাম এক ধাপ পিছিয়ে ৫১তম, আর ছুটিতে থাকায় কোনো ম্যাচ না খেলেও তাসকিন আহমেদ নেমে গেছেন ৫২ নম্বরে।

বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের বরুণ চক্রবর্তী।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের আরও কিছু পরিবর্তন দেখা গেছে। তানজিদ হাসান তামিম এক ধাপ নেমে ১৯, সাইফ হাসান পিছিয়েছেন ৯ ধাপ হয়ে ৩৯, আর লিটন দাস নেমেছেন ২ ধাপ, এখন ৪৪ নম্বরে। শীর্ষস্থান আগের মতোই ভারতের অভিষেক শর্মার দখলে।

তবে ভালো খবর এসেছে অলরাউন্ডারদের তালিকায়—সাইফ হাসান এখানে বিশাল লাফ দিয়ে ২৭ ধাপ এগিয়ে ৭৩ নম্বরে উঠে এসেছেন। এই তালিকার শীর্ষস্থানে ফিরেছেন পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত