জামায়াতে ইসলামীর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন শুধু রাজনৈতিক দাবি নয়, এটি জাতীয় আশা-আকাক্ষ্ঙা, সংস্কার বাস্তবায়নের বাস্তব প্রতিফলন। গণভোট ছাড়া নির্বাচন হলে কোনোভাবেই জনগণের ম্যান্ডেটের প্রতিফলন ঘটবে না।
৫ দফা বাস্তবায়নের দাবিতে ৫ ডিসেম্বর লালদীঘির ময়দানের বিভাগীয় জনসভা উপলক্ষ্যে বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ৮ দলের শীর্ষ নেতারা জনসভায় বক্তব্য রাখবেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, বিগত ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে, বিরোধী দলের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে, গণহত্যা করেছে এবং ব্যাপক দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এসব অপরাধের বিচার দৃশ্যমান না হলে দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব। তাই ৮দলের যৌক্তিক পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৫ ডিসেম্বর (শুক্রবার) লালদীঘি ময়দানে আয়োজিত জনসভা জনসমুদ্রে পরিণত হবে সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ জান্নাতুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর আমীর মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যাপক খুরশিদ আলম, নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা জিয়াউল হোছাইন, জাতীয় গণতান্ত্রিক পার্টির চট্টগ্রাম নগর সভাপতি আবু জাফর মোহাম্মদ আনাস, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী ও ডেভেলপমেন্ট পার্টির চট্টগ্রাম মহানগরী সহ-সভাপতি এডভোকেট আবদুল মোতালেব প্রমুখ উপস্থিত ছিলেন।
৮ দলের ঘোষিত ৫ দফা দাবিসমূহের মধ্যে রয়েছে-জুলাই জাতীয় সনদ (সংবিধান আদেশ) ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেনিং ফিল্ড নিশ্চিত করা, বিগত সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচায় দৃশ্যমান করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।
