ডোনাল্ড ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ এএম

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে কার্যকর থাকা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ খুব শিগগিরই শুরু হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, পরিস্থিতির জটিলতা সত্ত্বেও শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।

গত ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের পক্ষ থেকে এটিকে ৫০০ বারের বেশি লঙ্ঘন করা হয়েছে। এসব হামলায় যুদ্ধবিরতির মধ্যেও প্রায় ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গতকাল বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় গাজা উপত্যকার খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের ওপর বিমান ও কামান হামলায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র বলছে, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। 

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তাদের সেনাদের ওপর হামলা চালানোয় হামাসের একজন সদস্যকে লক্ষ্য করে এই অভিযান পরিচালিত হয়।

ইসরায়েলি সেনাদের ওপর কথিত হামলা প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আজ একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে কিছু মানুষ গুরুতর আহত হয়েছেন, সম্ভবত কিছু মানুষ মারা গেছেন। কিন্তু যুদ্ধবিরতি ভালো চলছে। মধ্যপ্রাচ্যে শান্তি চলছে। কিন্তু সাধারণ মানুষ এটি বোঝে না। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপও সঙ্গে এগিয়ে চলছে। এটি শিগগিরই কার্যকর হবে।’

এদিকে হামাস জানায়, তাদের কাছে দখলদার ইসরায়েলের মাত্র দুইজন জিম্মি রয়েছে—যাদের একজন থাইল্যান্ডের নাগরিক। জিম্মিদের ফেরত দেওয়ার পরই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা থাকলেও ইসরায়েল এ ক্ষেত্রে যথেষ্ট সময় নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এখনো হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় ধাপের কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে একটি কার্যকর কাঠামো ঠিক করা হয়েছে, যাতে নতুন ধাপ শুরু হলে গাজার প্রশাসনিক দায়িত্ব একটি প্রযুক্তিবিদ-ভিত্তিক (টেকনোক্র্যাট) সরকার গ্রহণ করবে এবং নিরাপত্তার দায়িত্ব আন্তর্জাতিক বাহিনী সামলাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত