৬ দিন ধরে ঢাকায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান, সেবা ব্যাহত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম

গত ছয় দিন ধরে ঢাকায় অবস্থান করছেন স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা। গত ২৯ নভেম্বর থেকে তিন দিন তারা শহীদ মিনারে অবস্থান করেন। গত ২ ডিসেম্বর থেকে অবস্থান শুরু করেন মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে। টানা তিন দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেখানে অবস্থান করেন। এতে সারা দেশে টিকা কার্যক্রমসহ বিভিন্ন ধরনের সেবা ব্যাহত হচ্ছে। সারা দেশে ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রে সেবা বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবারের কর্মসূচিতে অংশ নেওয়া স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তারা জিও জিও বলেও স্লোগান দেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে তার প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করে রোগমুক্তির জন্য দোয়া করেন।

এর আগে সকাল থেকে বিভিন্ন শ্লোগান লেখা ফেস্টুন নিয়ে তারা স্বাস্থ্য অধিদপ্তরে আসেন। ফেস্টুনে লেখা ছিল ‘গ্রেড বৈষম্যের ঠাই নাই, নিয়োগবিধি সংশোধন চাই’, ‘ভ্যাকসিন হিরো পুরষ্কার স্বাস্থ্য সহকারীর অবদান’, ‘পোলিও মুক্ত বাংলাদেশ, স্বাস্থ্য সহকারীর ঘামের ফসল’, ‘স্বাস্থ্য সহকারীদের অবদান দেশেব্যাপী টিকাদান ও টেকনিক্যাল পদমর্যাদা দিতে দিয়ে দাও’।

বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য সচিব ফজলুল হক চৌধুরী বলেন, নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ৬ দাবিতে আমরা আন্দোলন করছি। শুক্র-শনিবার সরকারি বন্ধ। এই দুই দিন কোনও কর্মসূচি নেই। রবিবার থেকে আবার স্বাস্থ্য অধিদপ্তরে অবস্থান কর্মসূচি শুরু করব। দাবি পূরণের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত