ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ড্র যখন ঘোষণা হচ্ছিল, তখন ফ্রান্সে নিজের বাসায় বসেই লাইভ স্ট্রিমে তা দেখছিলেন আর্জেন্টিনার তারকা ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো। টুইচে ভক্তদের সঙ্গে কথা বলতে বলতে তিনি একে একে আলবিসেলেস্তেদের গ্রুপের প্রতিপক্ষদের বিশ্লেষণ করেন।
ড্র অনুযায়ী আর্জেন্টিনা খেলবে গ্রুপ জে–তে। তাদের সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ম্যাচগুলো হবে ডালাস, কানসাস সিটি অথবা সান ফ্রান্সিসকোতে।
অস্ট্রিয়ার নাম প্রথম শুনেই তাগলিয়াফিকো বলেন, "সেমিফাইনালে আমরা ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছিলাম, তবে অস্ট্রিয়া ঠিক আছে।”
এরপর আলজেরিয়ার নাম আসতেই তিনি সতর্কভাবেই মন্তব্য করেন, "আলজেরিয়ার দারুণ কিছু খেলোয়াড় আছে। ম্যাচটা কঠিন হবে। লিওঁ–তে আমার দুই আলজেরিয়ান সতীর্থ আছে, তবে তারা জাতীয় দলে থাকবে কি না জানা নেই।”
তাগলিয়াফিকোর মতে, এবারের বিশ্বকাপে খুব বেশি কঠিন কোনো গ্রুপ নেই। "সবই প্রতিদ্বন্দ্বিতামূলক। আমার মতে কোনো গ্রুপ অব ডেথ নেই।”
তিন দলই হারানো সম্ভব
স্ট্রিমে নিজের সার্বিক মতামত জানাতে গিয়ে তিনি বলেন, "গ্রুপ খারাপ নয়, তবে আলজেরিয়া কঠিন। জর্ডানকে নিয়ে ধারণা কম, কারণ তাদের খেলা দেখিনি। তবে অস্ট্রিয়া ও আলজেরিয়া— দুই প্রতিপক্ষই চ্যালেঞ্জিং। এখন তো রাউন্ড অব ৩২ আছে, গ্রুপ নয়, নকআউটই বেশি গুরুত্বপূর্ণ। তিন দলই হারানো সম্ভব।”
এর পাশাপাশি স্কালোনির দলের বর্তমান শক্তি নিয়েও আত্মবিশ্বাসী টাগলিয়াফিকো। "আমরা খুব ভালো অবস্থায় আছি, সবাই আমাদের সম্মান করে। তবে বিশ্বকাপে চমক থাকে— তাই সতর্ক থাকতে হবে।”
ফাইনালে কাদের চাই?
ভক্তদের প্রশ্নে টাগলিয়াফিকো চমকে দেন আরেকবার। তিনি জানান, ফাইনালে তার পছন্দ জাপান।
“জাপান খুব শক্তিশালী দল, সবসময় বিশ্বকাপে খেলে, আর তাদের সংস্কৃতিও আমার খুব প্রিয়।”
বিশ্বকাপে আর্জেন্টিনা–ব্রাজিলের প্রথম ম্যাচ আফ্রিকান দলের বিপক্ষে