ঝিনাইদহে রাশেদ খান

নির্বাচন বানচাল করতে আবারও ১/১১’র ষড়যন্ত্র হচ্ছে

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ এএম

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, একটি কুচক্রী মহল আগামী জাতীয় নির্বাচন বানচাল করতে ২০০৭ সালের ১/১১-এর মতো পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার নতুন চক্রান্তও শুরু করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, তা কেউ বানচাল করতে পারবে না। গতকাল ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মানদিয়া বাজারে পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ‘জাতীয় পার্টি নির্বাচনে আসবে কি আসবে না, সেটি তাদের ব্যাপার’ মন্তব্যের কড়া সমালোচনা করে রাশেদ খান বলেন, ‘আমরা প্রেস সচিবের এই বক্তব্যের তীব্র ধিক্কার জানাই। আপনারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছেন, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের আকাক্সক্ষাকে ধারণ করছেন না। ফ্যাসিবাদের দোসর ও আওয়ামী লীগের অবশিষ্ট শক্তির প্রতি নমনীয়তা দেখাচ্ছেন। জনগণ এ অবস্থান কিছুতেই মেনে নেবে না। আমরাও চুপ করে বসে থাকব না।’

তিনি আরও বলেন, ‘মামলা দিয়ে বা অন্য কোনো কৌশলে নির্বাচন স্থগিত করার সুযোগ কাউকে দেওয়া হবে না। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবেই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সরকার নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করবে।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে রাশেদ খান বলেন, ‘আপনারা আওয়ামী লীগের বিচার শুরু করেছেন, এটা ঠিক আছে। কিন্তু জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটের অপরাধীদের বিচার কেন শুরু করছেন না? ব্যক্তির পাশাপাশি দলেরও বিচার হতে হবে। যেসব আওয়ামী লীগ নেতা ২০২৪ সালের ডামি নির্বাচনে অংশ নিয়েছিলেন, আগামী নির্বাচনে তাদের কোনো সুযোগ দেওয়া হবে না।’

নির্বাচনী জোট প্রসঙ্গে তিনি বলেন, ‘গণঅধিকার পরিষদ ইতিমধ্যে ২০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। আমি নিজেও ঝিনাইদহ-২ আসনে প্রচারণা চালিয়ে যাচ্ছি। ২০২২ সাল থেকে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করেছি, তাদের সঙ্গে আলোচনা চলছে। ফ্যাসিবাদবিরোধী অন্য রাজনৈতিক শক্তির সঙ্গেও আলাপ চলমান। তফসিল ঘোষণার পরপরই জোটের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত