শরীয়তপুরে আধুনিক হাসপাতাল করার স্বপ্ন কিরণের

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ এএম

শরীয়তপুরের সখিপুর থানায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার  সকাল থেকে বিকেল পর্যন্ত শরীয়তপুর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর উদ্যোগে দক্ষিণ তারাবুনিয়া কিরণ নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন।

কিরণ বলেন, ‘আমার মেয়ে শাফা যখন বড় হতে শুরু করেছে। বিদ্যালয়ে ভালো রেজাল্ট করা শুরু করেছে। তখন বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ওয়াদা করেছিল, আমি যদি ডাক্তার হতে পারি তাহলে নিজ এলাকা সখিপুর ও নড়িয়া এলাকার মানুষকে ফ্রিতে স্বাস্থ্যসেবা দেব। যেই ওয়াদা সেই কাজ। আজ শাফা ডাক্তার হয়ে নিজ এলাকার মানুষদের ফ্রিতে চিকিৎসা দিচ্ছে।’ 

তিনি বলেন, ‘আমার আগে থেকেই প্ল্যান, আমার এলাকায় একটি আধুনিক হাসপাতাল গড়ব। শরীয়তপুরের মানুষের যেন চিকিৎসা নিতে ঢাকা যেতে না হয়। উন্নতমানের চিকিৎসাসেবা দেওয়া যায়। আমি একজন ব্যবসায়ী, দেশ ও বিদেশে ব্যবসা করি। আমার অনেক বিদেশি বন্ধু আছে। তাদের সঙ্গে কথা বলেছি যে, তারা বাংলাদেশে স্বাস্থ্যসেবায় ইনভেস্ট করবে কি না! আমি শরীয়তপুরের জন্য কিছু করতে চাই। এ জেলায় এশিয়ার মধ্যে একটি আধুনিক হাসপাতাল করার স্বপ্ন দেখি। জেলাবাসী যেন ভালো স্বাস্থ্যসেবা পায়।’

বিনামূল্যে চিকিৎসা দিয়ে পেশা শুরু মেয়ের : এদিকে শরীয়তপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণের মেয়ে ডা. শাফা শারারা রহমান দুর্গম চরাঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসাসেবার মাধ্যমে ডাক্তারি পেশা শুরু করলেন। গতকাল শরীয়তপুর জেলার সখিপুর থানার কিরণ নগর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী তিনি বিনামূল্যে চিকিৎসাসেবা দেন। এ সময় সহস্রাধিক অসহায় ও নিম্নআয়ের সুবিধাবঞ্চিত রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাপত্র পান।

চিকিৎসাসেবা নিতে আসা ষাটোর্ধ্ব ফিরোজা বেগম বলেন, এ ধরনের উদ্যোগ আমাদের দুর্গম চরাঞ্চলের জন্য আশীর্বাদস্বরূপ। স্থানীয়ভাবে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ কেনার সামর্থ্য না থাকায় আমরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে অনেক দূরে। আমাদের সোনার কিরণের মেয়ে ডাক্তার হয়ে প্রথম আমাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার মাধ্যমে তার পেশা শুরু করায় আমরা গর্বিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত