রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে আগারগাঁও পাকা মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মো. জলিল মিয়া (৫০), তার স্ত্রী আরনেজা বেগম (৪০), ছেলে আসিফ (১৯), সাকিব (১৬), মেয়ে মনিরা (১৭) ও নাতনি ইভা (৬) এবং ইশা (৬)। ইভা ও ইশা তারা জমজ বোন।
তাদের হাসপাতালে নিয়ে আসা দগ্ধ জলিল মিয়ার মেয়ের জামাই মো. আফরান জানান, রাতে টিনসেড বাসায় ঘুমিয়ে ছিলেন পরিবারটির ৬ সদস্য। ভোরের দিকে টিনসেড বাসাটিতে বিকট বিস্ফোরণ হয়। এতে ওই ৬ জনই পুড়ে যান।
তিনি জানান, প্রতিবেশীরা ওই ছয়জনকে হাসপাতালে নিয়ে আসে। বাসায় গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চিকিৎসকরা জানান, ৬ জনকেই জরুরি বিভাগের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের কারো শরীরের কত শতাংশ পুড়ে গেছে তা পরবর্তীতে জানানো যাবে।
