খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। 

শনিবার (৬  ডিসেম্বর) বেলা তিনটা ২০ মিনিটের দিকে হাসপাতালে তাঁর গাড়ি প্রবেশ করে।  বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।

জুবাইদা রহমান গতকাল শুক্রবার লন্ডন থেকে ঢাকায় পৌঁছান। তিনি শাশুড়িকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে তিনি আড়াই ঘণ্টারও বেশি সময় অবস্থান করেন। পরে তিনি ধানমন্ডির পৈতৃক বাসায় যান এবং রাতে আবারও হাসপাতালে আসেন। উল্লেখ্য, তিনি আগে থেকেই খালেদা জিয়ার চিকিৎসক দলের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। এর আগে ভার্চুয়ালি যুক্ত হলেও শুক্রবার থেকে তিনি তার চিকিৎসায় সরাসরি অংশ নেন।

আতিকুর রহমান রুমন জানান, জুবাইদা রহমান এখন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। তিনি বলেন, ধানমন্ডির বাসায় থাকার সময়েও টেলিফোনে সময় সময় উনি তার শাশুড়ির স্বাস্থ্যের খোঁজখবর রেখেছেন।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা করছে। চিকিৎসাধীন খালেদা জিয়া ইতোমধ্যে ১৪ দিন কাটিয়েছেন এই হাসপাতালে। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা মোটাদাগে ‘অপরিবর্তিত’ রয়েছে।

মেডিকেল বোর্ডের একাধিক চিকিৎসক শনিবার জানান, বিএনপি চেয়ারপারসন এখনো বিমানযাত্রার সক্ষমতা অর্জন করেননি। সেজন্যই লন্ডনে নেওয়ার বিষয়টি পিছিয়ে যাচ্ছে। তবে এক চিকিৎসক বলেন, অনেকগুলো প্যারামিটার ইতিবাচক সংকেত দিচ্ছে, তবে অবস্থার উন্নতি হয়েছে এমনটা এখনই বলা যাচ্ছে না। আমরা আশা করছি, ইতিবাচক সংকেত অব্যাহত থাকলে উনি ৯-১০ ডিসেম্বরের দিকে ফ্লাই করার সক্ষমতা অর্জন করতে পারেন।

দলটির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানান, এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাতার কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। তিনি বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে। সেইভাবে তারা (কাতার) এখন প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং ম্যাডাম বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত