নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের সাজিউড়া গ্রামে মোটরসাইকেল ধাক্কায় জুয়েল মিয়া (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সাথে থাকা সাকলায়েন (৩৬) নামের এক যুবক। নিহত জুয়েল মিয়া ওই গ্রামের সন্তু মিয়ার ছেলে।
শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে সড়কের পাশ দিয়ে হাঁটার সময় পিছন থেকে একটি মোটরসাইকেল তাদেরকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুজনকে স্থানীয়রা জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। সড়ক দুর্ঘটনায় দুজনের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরজনকে চিকিৎসা দেয়া হয়। পরে সুরতহাল রিপোর্ট শেষে শনিবার সকালে সদর থানার পুলিশ লাশ হস্তান্তর করে স্বজনদের কাছে।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এরপর আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে লাশ হস্তান্তর করা হয়।
