মনোনয়ন পেয়ে জুলাই শহীদ পরিবার নিয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির মনোনয়ন পেয়ে নিজ বাড়িতে আসলেন বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। তাকে অভ্যর্থনা জানাতে মহাসড়কজুড়ে ছিল হাজার হাজার জনতা।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় তিনি ঢাকা থেকে গজারিয়ায় আসলে মেঘনা ব্রিজের পূর্ব প্রান্ত থেকে শত শত মোটর সাইকেল, মিনিবাস, ট্রাকে করে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় মহাসড়কের বিভিন্ন স্থানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিল।

পরে নিজ বাড়ি উপজেলার লক্ষীপুর গ্রামে উপস্থিত হয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করে জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, শহীদ পরিবারের ত্যাগ কখনোই বিফলে যেতে পারে না। তাদের সম্মান ও অধিকার রক্ষায় আমার রাজনৈতিক জীবনের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। তিনি জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে দৃঢ়ভাবে কাজ করে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন।

এ সময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন, সিরাজুল ইসলাম পিন্টু, রফিকুল ইসলাম ভিপি মাসুম, মো. ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত