মানিকগঞ্জের শিবালয় উপজেলায় রাতের আঁধারে এক কৃষকের আবাদকৃত শতাধিক লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতির শিকার হয়েছেন ওই কৃষক। উপজেলার উথলী ইউনিয়নের বাসাইল গ্রামে এ ঘটনা ঘঠে। ভুক্তভোগী কৃষক শনিবার (০৬ ডিসেম্বর) শিবালয় থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সৈয়েদুর রহমান দীর্ঘদিন ধরে উথলী ইউনিয়নের বাসাইল গ্রামের বড় শিবরাম বাড়ি মৌজায় ১৫ শতাংশ জমিতে লাউ চাষ করে আসছেন। প্রতিদিনের মতো গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় তিনি লাউক্ষেতের নিয়মিত পরিচর্যা শেষে বাড়ি ফেরেন। পরদিন ৫ ডিসেম্বর সকাল ৮টার দিকে ক্ষেতে গিয়ে তিনি দেখেন—তার আবাদকৃত একশরও বেশি লাউ গাছ কে বা কারা গোড়া থেকে কেটে ফেলেছে। তার ক্ষেতে প্রায় এক হাজার লাউ বিক্রির উপযোগী অবস্থায় ছিল। বাজার মূল্য, শ্রম ও সার-ওষুধসহ মোট ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক সৈয়েদুর রহমান বলেন, আমি বহু বছর ধরে একই জায়গায় লাউ চাষ করি। আগে কখনোই এমন ঘটনা ঘটেনি। এ অপরাধের সঠিক বিচার চাই।
শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
