শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছে প্রাথমিক শিক্ষকরা। ফলে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজ রবিবার থেকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা নেবেন। গতকাল শনিবার শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি বাস্তবায়ন পরিষদ এবং সংগঠন ঐক্য পরিষদের আহ্বানে চলমান কর্মসূচি পালন করা হয়। আমাদের নৈতিকতা, মানবিকতা এবং সন্তানতুল্য কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে রবিবার থেকে পরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করা হলো। এতে আরও বলা হয়, রবিবার থেকে সব শ্রেণির তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা (বার্ষিক পরীক্ষা) চলবে। উভয় পরিষদের আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।
এর আগে গত ৩ ডিসেম্বর থেকে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ বা সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি পালন করেন সহকারী শিক্ষকরা। শিক্ষকদের তিন দাবির মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডের দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী আপাতত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি; ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতার অবসান; সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
