বগুড়ার জামিলনগর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মোছা. সাবিকুন নাহার (৪৩) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ ডিসেম্বর) রাত নয়টার দিকে এলাকাবাসীর দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত সাবিকুন নাহারের স্থায়ী ঠিকানা চট্টগ্রাম পোর্ট এলাকার হোন্দল পাড়া। তিনি পেশায় টেইলার্সের কাজ করতেন বলে স্থানীয়রা জানিয়েছে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘসময় সাড়া–শব্দ না পেয়ে প্রতিবেশীরা জানালা খুলে উঁকি দেয়। এ সময় তারা সাবিকুন নাহারের নিথর দেহ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। আরও জানা যায়, ৩ থেকে ৪ দিন পূর্বে স্বামীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর তিনি ওই ভাড়া বাসায় একাই বসবাস করছিলেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম জানান, পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটি তদন্ত শুরু করেছে। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু।
