মুর্শিদাবাদে এবার রাম মন্দির নির্মাণের ঘোষণা বিজেপি নেতার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ এএম

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিতর্কের নতুন মোড়। তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর, এবার একই জেলায় রাম মন্দির নির্মাণের ঘোষণা দিলেন বিজেপি নেতা সাখারভ সরকার। 

শনিবার (৬  ডিসেম্বর) তিনি মন্দির নির্মাণের জন্য ভূমি পূজা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বিজেপি নেতা সাখারভ সরকার দাবি করেন, আমি আগেই জানিয়েছিলাম-৬ ডিসেম্বর আমরা রাম মন্দির নির্মাণের সব ধর্মীয় আনুষ্ঠানিকতা করব। বহরমপুরে অযোধ্যার রাম লালা মন্দিরের আদলে একটি মন্দির স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। রাম মন্দির চ্যারিটেবল ট্রাস্ট গঠন করে ভিত্তিপ্রস্তর করেছি। বহরমপুরের মন্দিরটি বড় হবে, পাশাপাশি সেখানে হাসপাতাল ও স্কুলও থাকবে।

এদিকে, হুমায়ুন কবির তার অবস্থান স্পষ্ট করে বলেন, আমি অসাংবিধানিক কিছু করছি না। সংবিধান অনুযায়ী, যে কেউ তার ধর্মীয় স্থাপনা নির্মাণ করতে পারে। সুপ্রিম কোর্টের রায়ে বাবরি মসজিদ ভাঙার কথা স্বীকার করা হয়েছে এবং হিন্দুদের অনুভূতির ভিত্তিতে মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এটাও সত্য, সংবিধান আমাকেও মসজিদ বানানোর অধিকার দিয়েছে।

তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কারের পর হুমায়ুন কবির ইঙ্গিত দিয়েছেন, আগামী ২২ ডিসেম্বর তিনি নিজের নতুন দল গঠনের ঘোষণা দিতে পারেন। মুর্শিদাবাদে একের পর এক ধর্মীয় স্থাপনার এই ঘোষণা রাজনৈতিক ও সাম্প্রদায়িক অঙ্গনে নতুন উত্তাপ তৈরি করছে বলে ধারণা পর্যবেক্ষকদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত