সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকের সঙ্গে কোনো আপস নেই এমন হুঁশিয়ারি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘মাদকসেবীর সংখ্যা বেড়েছে। আজকে খেলার মাঠ নেই, বিনোদনের জায়গা নেই, মুরুব্বিদের সময় কাটানোর জন্য কোনো ক্লাব নেই। আওয়ামী লীগ খেলার জায়গায়সহ সবকিছু দখলে নিয়ে দালান বানিয়ে ফেলেছে। আমি নির্বাচিত হলে এগুলো মুক্ত করব।’
গতকাল রবিবার বিকেলে রাজধানীর মালিবাগ আবুজর গিফারী কলেজ কনফারেন্স রুমে ১২ নম্বর ওয়ার্ডের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং এলাকার মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্বাস এসব কথা বলেন।
আব্বাস বলেন, ‘আমি এসব ক্ষোভ থেকেও বলছি। আমি যেখানে মাঠ ও বিনোদনের জায়গা দিয়েছিলাম সেগুলোও সব দখলে নিয়েছে এই আওয়ামী লীগ। আসল কারণটা হচ্ছে যারা এ এলাকার নন, তাদের তো এই এলাকার প্রতি মায়া থাকবে না। ভোট পাওয়ার জন্য মিথ্যা আশ্বাস দিই না। ভোটের পর অনেককে খুঁজে পাওয়া যায় না। আমার সে সুযোগ নেই। আমি এলাকারই সন্তান।’
