বিজয় দিবসে কলকাতায় যাচ্ছেন সেনা-মুক্তিযোদ্ধাসহ ২০ সদস্যের প্রতিনিধিদল 

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:১১ পিএম

ভারতের আমন্ত্রণে আগামী ১৬ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের বিজয় উৎসব, যেখানে অংশ নিচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী ও মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি দল। গতকাল রবিবার (৭ ডিসেম্বর) ফোর্ট উইলিয়ামে ভারতীয় সেনাবাহিনীর এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান মেজর জেনারেল ভানগুরু রঘু।

প্রতিবছর ভারতের বিজয় দিবস উদযাপনে ইস্টার্ন কমান্ডের একটি প্রতিনিধি দল বাংলাদেশে যায়। তেমনি, বাংলাদেশের সেনাবাহিনীর একটি দল কলকাতায় ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে যোগ দিয়ে দুই দেশের সামরিক সম্পর্ক ও ঐতিহাসিক বন্ধনকে আরও দৃঢ় করে। যদিও সাম্প্রতিক রাজনৈতিক আবহাওয়া কিছুটা পরিবর্তন এনেছে, তবু দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক সমন্বয়ে কোনো বড় প্রভাব দেখা যায়নি।

মেজর জেনারেল ভানগুরু রঘু জানান, এ বছরও ভারতীয় সেনার আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশের পক্ষ থেকে অনুষ্ঠানে প্রতিনিধিদল পাঠানো হচ্ছে। এতে দু’জন শীর্ষ সেনা কর্মকর্তা, আটজন মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যসহ মোট ২০ জন অংশ নেবেন। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও।

সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রতিনিধিদল ১৪ ডিসেম্বর কলকাতায় পৌঁছবেন, যেখানে বিমানবন্দরে তাদের স্বাগত জানাবেন ইস্টার্ন কমান্ডের কর্মকর্তারা। ১৫ ডিসেম্বর তারা ব্যারাকপুরের মঙ্গল পান্ডে মিলিটারি প্রশিক্ষণ কেন্দ্রে ‘মিলিটারি টাট্টু’ অনুষ্ঠানে অংশ নেবেন এবং সম্ভবত রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন। ১৬ ডিসেম্বর সকালে ও সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে বিজয় স্মারকে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন অনুষ্ঠানেও তারা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ভারতের নৌবাহিনী ও ইস্টার্ন কমান্ড প্রতিবছর ‘বিজয় মাস’ উদযাপনের অংশ হিসেবে বিজয় র‍্যালি ও বাইক মিছিলের আয়োজন করে, যা পুরো মাস ধরে চলে। কলকাতায় অনুষ্ঠিত সামরিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশও নিয়মিত অংশগ্রহণ করে, এ বছরও তা চলমান থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত