মৌলভীবাজার

রংমিস্ত্রীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ থেকে মো. আক্কাছ মিয়া নামে এক রংমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) সকালে কমলগঞ্জ পৌর এলাকার রামপাশা গ্রামে ধলাই নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে স্থানীয়দের মধ্যে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হলে বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।  

মৃত মো.আক্কাছ মিয়া (২২) ওই এলাকার আবাছ মিয়ার ছেলে।  

নিহতের পরিবার জানায়, রবিবার রাতে আক্কাছ ভানুগাছ বাজার থেকে বাড়িতে যাওয়ার আগে তার বাবার কাছ থেকে ৫০ টাকা নেন। রাত ১০টার দিকে বড় চাচা নওশাদ মিয়া তাকে সফাত আলী সিনিয়র মাদরাসার কাছে দেখতে পান। বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন মোবাইলে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। সোমবার সকালে আক্কাছের ছোট ভাই হাসান তাকে খুঁজতে গিয়ে নদীর পাড়ে বাইসাইকেল দেখতে পান। পরে আশেপাশে খোঁজাখুঁজির পর গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আক্কাছের মরদেহ দেখতে পান। তবে তার দুই পা মাটিতে লাগানো ছিল, যা দেখে সন্দেহ তৈরি হয়েছে। বিষয়টি জানাজানি হলে প্রতিবেশী শওকত বক্স ৯৯৯ এ ফোন দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো.মাহফুজুল কবির জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত চলমান রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত