কুমিল্লায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ পিএম

কুমিল্লার চান্দিনায় ছাবিনা আক্তার (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাবিনার স্বামী আবুল খায়রকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গল্লাই ইউনিয়নের হোসেনপুর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত ছাবিনা মহিচাইল ইউনিয়নের হারালদার গ্রামের ময়নাল হোসেনের মেয়ে। প্রায় আট বছর আগে হোসেনপুর গ্রামের আবুল খায়েরের সঙ্গে তার বিয়ে হয়। 

এ ঘটনায় সোমবার (৮ ডিসেম্বর) ছাবিনার বাবা ময়নাল হোসেন চান্দিনা থানায় স্বামী আবুল খায়ের, তার বোন শিউলী আক্তার এবং ভাগিনা রুবেলকে আসামি করে মামলা করেন।

মামলার এজাহার ও পরিবারের ভাষ্য অনুযায়ী, রবিবার রাত ৮টার দিকে ছাবিনাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয়। এরপর প্লাস্টিকের দড়ি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। 

এজাহারে আরও বলা হয়েছে, স্বামী আবুল খায়েরের পাশাপাশি তার বোন শিউলী আক্তার ও ভাগিনা রুবেল দীর্ঘদিন ধরে ছাবিনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। বিষয়টি পরিবার থেকে একাধিকবার জানানো হলেও কোনো সমাধান হয়নি। বরং সময়ের সঙ্গে নির্যাতন বেড়েছে।

নিহত ছাবিনার বাবা ময়নাল হোসেন বলেন, বিয়ের পর থেকেই মেয়ের ওপর অত্যাচার হতো। অনেকবার সমঝোতার চেষ্টা করেছি। রবিবার রাতে মেয়ের ফোন বন্ধ পেয়ে সন্দেহ হয়। রাতেই খায়ের কল দিয়ে জানায়, ছাবিনা মারা গেছে। বাড়িতে গিয়ে দেখি বাথরুমে মেয়ের লাশ পড়ে আছে।

খবর পেয়ে চান্দিনা থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়দের দাবি, ছাবিনার ওপর দীর্ঘদিন নির্যাতন চললেও কেউ যথাসময়ে ব্যবস্থা নেয়নি। শেষ পর্যন্ত তা হত্যায় পরিণত হলো।  দ্রুত সব আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। স্বামী আবুল খায়েরকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই আসামিকে ধরতে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত