নেতৃত্ব এখন আর শুধু হুকুম দেওয়া নয়। এর আসল মানে হলো মানুষের মনের কাছে পৌঁছানো। আজকের পৃথিবীটা একটা ‘গ্লোবাল ভিলেজ’। একটা অফিসে এখন নানা দেশ ও ধর্মের মানুষ কাজ করে। তাদের সংস্কৃতিও ভিন্ন। এই বৈচিত্র্যকে বুঝতে পারাই হলো ‘সাংস্কৃতিক সচেতনতা’। একজন নেতার জন্য এটি অপরিহার্য গুণ। আপনি যখন দলের ভিন্নতাকে সম্মান করবেন, তখন দলের একতা বাড়বে। কর্মীরা নিরাপদ বোধ করবে। এতে প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্যও দ্রুত আসবে। নেতৃত্বে সাংস্কৃতিক সচেতনতা ও প্রভাব বাড়াতে করণীয় বিষয়গুলো জেনে নিন।
কৌতূহলী হোন, বিচারক নয়
সফল নেতা হতে হলে কৌতূহলী হতে হয়। তবে বিচারকের ভূমিকা নেবেন না। দলের সদস্যদের সংস্কৃতি বা উৎসব নিয়ে আগ্রহ দেখান। তবে প্রশ্ন করার সময় শ্রদ্ধাশীল হোন। রুক্ষভাবে ‘কেন এটা করো?’ বলবেন না। বরং বিনয়ের সঙ্গে জানতে চান। এতে ভুল ধারণা ভাঙবে। আপনার দৃষ্টিভঙ্গিও প্রসারিত হবে।
ভালো শ্রোতা হওয়া
একজন নেতাকে ভালো শ্রোতা হতে হয়। নেতৃত্ব মানে শুধু বলা নয়, মন দিয়ে শোনাও। কথা বলার সময় কর্মীর চোখের দিকে তাকান। মাঝপথে থামিয়ে দেবেন না। তাদের পুরো কথাটি শুনতে হবে। ভিন্ন সংস্কৃতিতে ‘চুপ থাকা’র অর্থও ভিন্ন হয়। কেউ সম্মানে চুপ থাকে, কেউবা ভয়ে। এই না-বলা ভাষাটি আপনাকে বুঝতে হবে।
প্রতিনিয়ত শেখার মানসিকতা
সব সংস্কৃতি আপনা-আপনি জানা সম্ভব নয়। তাই শেখার মানসিকতা রাখতে হবে। বই বা প্রবন্ধ পড়ুন। প্রয়োজনে বিভিন্ন কর্মশালায় অংশ নিন। এতে আপনার জ্ঞান বাড়বে। সহকর্মীর ভাষার ছোটখাটো সম্ভাষণ শিখুন। তাদের বিশেষ দিনগুলো মনে রাখুন। এতে কর্মীদের প্রতি আপনার শ্রদ্ধা প্রকাশ পায়।
নমনীয়তা ও মানিয়ে নেওয়া
নেতৃত্বে ‘একই নিয়ম সবার জন্য’ এই নীতি এখন আর চলে না। মানুষ ও তার সংস্কৃতি বুঝে নেতৃত্বের ধরন বদলান। যেমন কোনো সংস্কৃতিতে সরাসরি সমালোচনা স্বাভাবিক। আবার কোথাও এটি অপমানজনক। পরিস্থিতি বুঝে নিজেকে মানিয়ে নিন। এই নমনীয়তাই একজন দক্ষ নেতার পরিচয়।
সাংস্কৃতিক বুদ্ধিমত্তা বাড়ানো
আইকিউয়ের মতো এখন ‘সাংস্কৃতিক বুদ্ধিমত্তা’ বা সিকিউও খুব জরুরি। নিজের মনের অজান্তে থাকা পক্ষপাতিত্ব দূর করুন। ভিন্নতাকে দুর্বলতা ভাববেন না, শক্তি ভাবুন। গবেষণায় দেখা গেছে, বৈচিত্র্যময় দলের সৃজনশীলতা বেশি হয়। তারা সমস্যা সমাধানেও পটু। এটি একপাক্ষিক সিদ্ধান্তের ঝুঁকি কমায়। কর্মীদের আনুগত্য বাড়ায় এবং ব্যবসায় সাফল্য আনে।
সাংস্কৃতিক সচেতনতা একদিনে তৈরি হয় না। এটি একটি চলমান প্রক্রিয়া। নেতা হিসেবে আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে। নিজেকে ভাঙতে ও গড়তে হবে। আপনি যখন ভিন্নতাকে আপন করবেন, দল আপনাকে হৃদয়ে স্থান দেবে।
লেখক : ফিচার রাইটার
