দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে পার্বতীপুর উপজেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলা, পৌরসভা, ১০টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটির নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে ঢাকা মোড় কোচ বাস চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
পার্বতীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান স্বপন বলেন, দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ২৮ বছর ধরে লন্ডনে অবস্থান করছিলেন।
কোনো আন্দোলন–সংগ্রামে ছিলেন না। ৫ আগস্টের পর দেশে এসেছেন। এমন ব্যক্তিকে তাঁরা কোনোভাবেই মানতে পারবেন না।
সমাবেশে বক্তব্য রাখেন-পার্বতীপুর বিএনপির সহসভাপতি সালেহ আহমেদ মঞ্জু, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু এহিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হান্নান আশরাফী প্রিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল আজিজ পলাশ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এমারত হোসেন এবং পৌর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু প্রমুখ।
আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন পরিবর্তনের দাবিতে উপজেলা মহিলা দল ও পৌর শাখা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভের ঘোষণা দিয়েছে।
