আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই তালিকায় ঢাকার গুরুত্বপূর্ণ ঢাকা–১৮ আসনে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঢাকা-১৮ দেশের ১৯১তম সংসদীয় আসন, যা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ০১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর পর্যন্ত মোট ১৩টি ওয়ার্ড নিয়ে গঠিত। খিলক্ষেত থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত বিস্তৃত এ আসন রাজধানীর অন্যতম জনবহুল এলাকা হিসেবে পরিচিত।
এই আসনে ইতোমধ্যেই বিএনপি ও জামায়াতে ইসলামী তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। বিএনপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনকে মনোনীত করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী আরও আগেই ঘোষণা দিয়েছে তাদের প্রার্থীর নাম—অধ্যক্ষ আশরাফুল হক।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন আজ প্রার্থী তালিকা প্রকাশের সময় জানান, আমরা মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন করেছি। এখন প্রাথমিক তালিকা দিচ্ছি। এই তালিকায় যাদের নাম রয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিল করা হবে।
কে কোথায় ভোটে লড়ছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা?