ডিএমপি কমিশনার

নির্বাচনে পুলিশ সদস্যদের শতভাগ নিরপেক্ষ থাকতে হবে

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সকল পুলিশ সদস্যকে আসন্ন নির্বাচনে শতভাগ নিরপেক্ষতা বজায় রাখতে হবে এবং সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

বুধবার (১০ ডিসেম্বর) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে নভেম্বর-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনাসভায় পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

সদ্য যোগ দেওয়া ডিএমপির বিভিন্ন থানার ওসিদের উদ্দেশে তিনি বলেন, নতুন অফিসার ইনচার্জদের থানা এলাকার অপরাধ চিত্র ও পরিস্থিতি ভালো করে বুঝে নিতে হবে এবং অপরাধ নিয়ন্ত্রণে অভ্যাসগত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার (অতিরিক্ত আইজি) বলেন, অপরাধ দমন ও নিয়ন্ত্রণের জন্য প্রত্যেক থানায় টহল কার্যক্রম জোরদার করার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করা হবে। এ ছাড়া তিনি টহল কাজে সরকারি মোটরসাইকেলগুলো ব্যবহার করার তাগিদ দেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেন, নতুন ডিসি এবং ওসিদের প্রত্যেক থানার নিজস্ব ক্রাইম প্যাটার্ন অনুযায়ী কাজ করতে হবে। মামলা নিষ্পত্তি ও ওয়ারেন্টের বিষয়ে অফিসারদের আরও দায়িত্বশীল হতে হবে। কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিংয়ের মাধ্যমে গৃহকর্মী নিয়োগে পরিচয়পত্র যাচাই এবং অপরিচিতদের বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। এ ছাড়া আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।

সভায় যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন নভেম্বর মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন-ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন। এ সময় ডিএমপি কমিশনার উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন নির্দেশনা দেন।

মাসিক অপরাধ সভায় নভেম্বর মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এবং প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, যুগ্ম-পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত