আরেক দফা পেছালো প্রথম বিভাগ ক্রিকেট লিগ

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম

ক্লাবগুলোর বর্জন অবস্থান এবং মাঠ-সংক্রান্ত জটিলতার কারণে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরুর সূচি আবারও পরিবর্তন করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)। ১১ ডিসেম্বরের বদলে ১৪ ডিসেম্বর লিগ শুরুর নতুন তারিখ নির্ধারণ করেছে তারা। বিষয়টি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন।

গত অক্টোবরে বিসিবি নির্বাচনের পর সরকারি হস্তক্ষেপসহ নানা অভিযোগ তুলে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের অধীনে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় ৪৩টি ক্লাব। পরে সেই তালিকায় আরও দুই ক্লাব যোগ দেয়। যদিও ক্লাবগুলো সংবাদ সম্মেলন করে অনড় অবস্থান জানালেও বিসিবি বা সিসিডিএমের কাছে এখনো লিখিতভাবে লিগ বর্জনের সিদ্ধান্ত জানায়নি কেউ।

সিসিডিএম নভেম্বরেই দলবদল আয়োজন করে এবং পরিকল্পনা ছিল ১৮ নভেম্বর থেকেই প্রথম বিভাগ লিগ শুরু করার। তবে বর্জনকারী আট ক্লাব দলবদলে অংশ না নেওয়ায় লিগ আয়োজন পেছাতে থাকে। ক্রিকেটারদের সংগঠন কোয়াবও আলোচনায় বসে সমাধানের চেষ্টা করেছিল, কিন্তু কোনো পক্ষকেই মাঠে ফেরানো যায়নি। ফলে সিসিডিএম ১২ দল নিয়েই লিগ শুরুর প্রস্তুতি নিচ্ছে।

আজ এক সংবাদ সম্মেলনে জানানো হয়, মাঠ বরাদ্দে সামান্য সমস্যা দেখা দেওয়ায় তিন দিন পিছিয়ে ১৪ ডিসেম্বর থেকে লিগ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদনান রহমান দীপন জানান, দিনের মধ্যেই ম্যাচের সূচি প্রকাশ করা হবে এবং চেষ্টা চলছে উদ্বোধনী ম্যাচটি মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজনের। সিসিডিএম চেয়ারম্যান বলেন, কোনো ক্লাবই লিখিত ভাবে লিগ বর্জনের কথা এখনো জানায়নি। তাই কোনো দলকে বাদ দেবেন না তারা। সূচিতে ২০টিই দল থাকবে। 

লিখিত না জানালেও যে ৮টি ক্লাব লিগ বর্জন করবে বলে আগে জানিয়েছে তারা হলো- সূর্যতরুণ, ওরিয়েন্ট, আম্বার স্পোর্টিং, পারটেক্স স্পোর্টিং, কাকরাইল বয়েজ, খেলাঘর, কলাবাগান ও গাজী টায়ার্সসহ সেই সব ক্লাব যাদের বর্জনের ঘোষণা মৌখিকভাবেই এসেছে।

বাকি ১২ দল নভেম্বরে অনুষ্ঠিত দলবদলে অংশ নেয়- শাইনপুকুর ক্রিকেট ক্লাব, উত্তরা ক্রিকেট ক্লাব, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব, শেখ জামাল ক্রিকেটার্স, লালমাটিয়া ক্লাব, বসুন্ধরা রাইডার্স, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, ওল্ড ডিওএইচএস, ঢাকা স্পার্টানস, ব্লুজ ক্রিকেটার্স, বারিধারা ড্যাজেলস এবং বিকেএসপি। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত