সাংবাদিককে হাতুড়ি পেটার ঘটনায় পুলিশ কনস্টেবল ক্লোজড

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম

বরিশাল নগরের আমানতগঞ্জ ফাঁড়ির কনস্টেবল নাভিদ আনজুমকে অফিসে ঢুকে সাংবাদিক ফিরোজ মোস্তফাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় ক্লোজড করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম। তিনি জানান, নাভিদকে ক্লোজড করে পুলিশ লাইন্সে রাখা হয়েছে। আহত সাংবাদিক এখনো লিখিত অভিযোগ দেননি, দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার।

হামলার পর মঙ্গলবার হাসপাতালে গিয়ে এএসআই সাঈদ আহত সাংবাদিক ফিরোজের ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম ফেরত দেন। তিনি এর আগে কনস্টেবল নাভিদের পক্ষ হয়ে এসব মালামাল নিয়ে যান। বিষয়টি তখনকার ওসি মিজানুর রহমানকে জানানো হলেও তিনি সমাধানের আশ্বাস দিয়ে আর ফেরত দেননি।

হামলার ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আহমেদ আবু জাফর সঠিক তদন্ত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আহত ফিরোজ বর্তমানে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।

তিনি জানান, সোমবার রাত আটটার দিকে গোড়াচাঁদ দাস রোডে এশিয়ান টিভির অফিসে ঢুকে কনস্টেবল নাভিদ তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রুম বাইরে থেকে আটকে রেখে পালিয়ে যায়। পরে তিনি ৯৯৯ এ কল করলে পুলিশ তাকে উদ্ধার করে।

কয়েক মাস আগে ফুটবল খেলার সূত্রে ফিরোজের সঙ্গে নাভিদের পরিচয় হয়। পরিচয়ের সুবাদে অফিসে যাতায়াত করলেও পরে নাভিদ তালার চাবি নকল করে ফিরোজের অনুপস্থিতিতে অফিসে অবৈধভাবে ঢুকতেন। সতর্ক করায় ক্ষিপ্ত হয়ে নাভিদ একাধিকবার হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত