বাগাতিপাড়ায় পুকুরে বিষ ঢেলে লাখ টাকার মাছ নিধন

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় প্রতিহিংসার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে লাখ টাকার মাছ নিধনের ঘটনা ঘটেছে। বুধবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চন্দ্রখইর গ্রামে এ ঘটনা ঘটে।  

ক্ষতিগ্রস্ত আব্দুল মতিন জানান, সাজদার আলী ও সাদ্দাম হোসেন জানান, স্থানীয় নওশের আলী প্রামাণিকের কাছ থেকে তারা দীর্ঘদিন ধরে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে পুকুরে এসে দেখেন রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির অসংখ্য মাছ ভেসে উঠেছে। পুকুরের পানি বিবর্ণ হয়ে যায় এবং চারদিকে ছড়িয়ে থাকে বিষ মেশানোর চিহ্ন। তাদের দাবি, অজ্ঞাত কেউ প্রতিহিংসা করে পুকুরে বিষ ঢেলে দিয়েছে, এতে পুকুরের সব মাছ নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ৬ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি লিজ গ্রহীতাদের। 

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত