আজ থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠপর্যায়ের প্রস্তুতি আরও জোরদার হয়েছে। আচরণবিধি সঠিকভাবে কার্যকর রাখতে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে সারা দেশের উপজেলা ও থানাগুলোতে দায়িত্ব পালন শুরু করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। তারা ভোটগ্রহণের পরের দুই দিন পর্যন্ত মাঠে থাকবেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রতিটি উপজেলা ও থানায় ন্যূনতম দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত দেয় ইসি। কমিশনের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রস্তুতিমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মোবাইল কোর্ট আইন, ২০০৯–এর আওতায় আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণ শেষে আরও দুই দিন পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশনের নির্দেশনায় আরও বলা হয়, সংশ্লিষ্ট উপজেলা ও থানাগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যাতে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিয়ন্ত্রিত থাকে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত