তফসিল ঘোষণার পরদিনই ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা নির্বাচনের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনতিবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল আওয়ামী পার্টি-ভাসানী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল জানান, নির্বাচন ব্যাহত করতে একটি চক্র সক্রিয় রয়েছে। তাদেরই ধারাবাহিকতায় শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। তিনি বলেন, আজ একজন প্রার্থীকে গুলি করা হয়েছে, এর তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি এ ঘটনার প্রতিবাদে সারা দেশে কর্মসূচি পালনেরও কথা জানান।
আলোচনায় মওলানা ভাসানীর রাজনৈতিক ভূমিকার কথা স্মরণ করে ফখরুল বলেন, এই দেশের রাজনীতিতে নেতৃত্বের ভূমিকায় ছিলেন মওলানা ভাসানী। তার নাম বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করা সম্ভব না।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দেবেন। নির্বাচনের পর আমরা একটি জাতীয় সরকার গঠন করব।
