তখনও ম্যাচের ১০-১৫ মিনিট বাকী। বসুন্ধরা কিংসের ডাগআউটের এক কোণে বিষন্নমনে বসেছিলেন দলটির সহকারী কোচ সৈয়দ গোলাম জিলানী। গাল বেয়ে ক্রমাগত ঝড়ছে জল। মোহামেডানের বিপক্ষে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই উত্তেজনায় জিলানী কান্না শুরুতে সবার দৃষ্টি এড়ালেও দেখে ফেলেন গোলকিপিং কোচ নুরুজ্জামান নয়ন।
কাঁদতে দেখে কারন জানতে চাইলে জিলানী ভেঙে পড়েন। জানান, মাত্রই তার জন্মদাত্রী মায়ের মৃত্যুর সংবাদ পেয়েছেন। খবরটা ডাগআউটে ছড়িয়ে যেতেই শোক নেমে আসে সবার মাঝে। ম্যাচ শেষ হওয়ার আগেই তাকে দ্রুত সদ্য মৃত মায়ের কাছে পাঠানোর ব্যবস্থা করে কিংস কর্তৃপক্ষ। ম্যাচে বসুন্ধরা জিতেছে ২-০ ব্যবধানে। তবে এ জয়েও মিশে ছিল জিলানীর মায়ের মৃত্যুর বিষাদ।
