ওমান উপসাগরে অবৈধ জ্বালানি বহনের অভিযোগে তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান। শনিবার (১৩ ডিসেম্বর) ইরানি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানায় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
প্রতিবেদনে বলা হয়, জাহাজটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার মোট ১৮ জন ক্রু সদস্য ছিলেন।
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওমান সাগরের উপকূলে ছয় মিলিয়ন লিটার চোরাচালান করা ডিজেল জ্বালানি বহনকারী একটি তেলবাহী জাহাজে অভিযান চালানো হয়েছে। ওই কর্মকর্তা বলেন, জাহাজটি তার সব নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে রেখেছিল।
ইরানি বাহিনী নিয়মিতভাবে উপসাগরীয় অঞ্চলে অবৈধভাবে জ্বালানি পরিবহনের অভিযোগে জাহাজ আটকের ঘোষণা দিয়ে থাকে। ইরানে খুচরা জ্বালানির দাম বিশ্বে মধ্যে সবচেয়ে কম হওয়ায় অন্যান্য দেশে পাচার করে নেয়া অত্যন্ত লাভজনক বলে মনে করা হয়।