মাদারীপুরে অপহরণের ১৪ দিন পর কিশোরী তামান্না আক্তারকে (১৪) উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণ মামলার প্রধান আসামি সুব্রত হালদারসহ ৩ জনকে আটক করা হয়। এর আগে গত ২৮ নভেম্বর জেলার কালকিনি উপজেলার কালীগঞ্জ বাজার এলাকা থেকে এ অপহরণের ঘটনা ঘটে। উদ্ধার কিশোরী একই উপজেলার আলিনগর ইউনিয়নের মিরাকান্দি গ্রামের আলী আজগরের মেয়ে।
আটকরা হলেন, মাদারীপুরের ডাসার উপজেলা নবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চলবল গ্রামের সঞ্জিত হালদারের ছেলে সুব্রত হালদার, গোবিন্দ হালদারের ছেলে প্রশান্ত হালদার ও লক্ষণ মধুর ছেলে নয়ন মধু।
শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন।
মামলা ও পুলিশ সুত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর কালীগঞ্জ বাজার এলাকা থেকে জোরপূর্বক ১৪ বছর বয়সী কিশোরী তামান্না আক্তারকে অপহরণ করে নিয়ে যায় সুব্রত হালদারসহ হিন্দু ধর্মের তিন যুবক।
এ ঘটনায় ওই কিশোরীর পরিবার বাদী হয়ে কালকিনি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে কালকিনি থানার এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম গত ১১ ডিসেম্বর অভিযান চালিয়ে ঢাকার সাভার থানা এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করেন।
এ সময় মামলার মূল আসামী সুব্রত হালদারসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে আসামিদেরকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেছে পুলিশ।
মাদারীপুরের কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, কিশোরীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃত ৩ আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
