মাকে মারার অপরাধে মাদকাসক্ত ছেলেকে মাটিতে পুঁতে শাস্তি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ পিএম

গাজীপুরের শ্রীপুরে মাদকের টাক না পেয়ে মাকে বেধম মারার অপরাধে ক্ষীপ্ত গ্রামবাসী মাদকাসক্ত ছেলেকে আটক করে মাটিতে পুঁতে শাস্তি দিয়েছে। আজ শনিবার (১৩ ডিসেম্বর) এমন ঘটনা ঘটেছে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামে। এমন একটি ভিডিও সামাজির যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে- গ্রামবাসীর এমন কাণ্ড বেআইনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শাস্তি ভোগকরা ওই যুবকের নাম খলিলুর রহমান (৩০)। তিনি নুরুদ্দীনের ছেলে। মাকে মারধরের শাস্তি হিসেবে গ্রামের বাসিন্দারা শাস্তি হিসেবে এই ঘটনা ঘটিয়েছে। তাদের অভিযোগ, খলিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তার মায়ের অনুমতি নিয়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে বলে দাবি গ্রামবাসীর।

তবে এমন কাজের কেউ কেউ সমালোচনাও করেছেন। তাদের দাবি এটি নিজের হাতে আইন তুলে নেওয়ার সামিল। যা দণ্ডনীয় অপরাধ। যেকোনও অপরাধীকে ধরে পুলিশে সোর্পদ করাই আইনসম্মত।

ছড়িয়ে পড়া ভিডিতে দেখা যাচ্ছে, একটি সড়কের পাশে মাটি খুঁড়ে পা থেকে কোমর পর্যন্ত পুঁতে রাখা হয়েছে এক যুবককে। তার গায়ে হলুদ রঙের শীতের গেঞ্জি। এ সময় তার চারপাশে লোকজন দাঁড়িয়ে আছে। মুখ কালো করে আছেন আটকে থাকা যুবক। তার পাশে মোটা কাগজে (ফেস্টুনে) লেখা ‘মাকে মারার শাস্তি ‘। অপর ফেস্টুনে লেখা ‘ বাপ-মায়ের গায়ে হাত তোলায় তার এই শাস্তি দেওয়া হলো।

স্থানীয় বাসিন্দা আফসার আলী জানান, শনিবারের এ ঘটনার পর তার মা নিজেই ছেলেকে শাস্তি দেওয়ার জন্য এলাকার লোকজন জড়ো করেন। তাকে মারধরে কথা সবাইকে জানান। তিনি নিজে উপস্থিত থেকে ছেলেকে ভয় দেখাতে মাটিতে পুঁতে রাখার পরামর্শ দেন। এরপর এলাকার লোকজন মিলে তাকে ভয় দেখাতে মাটি খুঁড়ে কোমর পর্যন্ত পুঁতে রাখে।

অভিযুক্ত খলিলের মা খোদেজা বেগম জানান, আমার ছেলে মাদক সেবন করে। টাকার জন্য মাদকাসক্ত হয়ে আমাকে মারধর করে। শনিবার সকালেও মারধর করেছে। তাই এলাকাবাসীকে বলেছি যেন তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। তাই তাকে ভয় দেখাতে এ শাস্তি দেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, মাকে মারা অপরাধে গ্রামবাসী ক্ষীপ্ত হয়ে ছেলেকে মাটিতে পুঁতে শাস্তি দিয়েছে। সে মাদক সেবন করে। মাদকের টাকার জন্য মা-বাবাকে প্রায় সময় মারধর করে। আজও তার মাকে মারধর করেছে।

শ্রীপুর মডেল থানার এসআই আবুল বাসার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুস্থ অবস্থায় ওই যুববকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শ্রীপুর মডেল থানার ওসি নাসির আহমদ বলেন, কাউকে মাটিতে পুঁতে রাখা আইনসম্মত নয়। বিষয়টি খোঁজ নিয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ ছেলেটিকে উদ্ধার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত