রেস্টোরেশন ফ্যাক্টরি বাংলাদেশ- সমাপনী অনুষ্ঠান

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম

iDE বাংলাদেশ বাস্তবায়িত এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) ও ব্রিজ ফর বিলিয়নস-এর সহযোগিতায় আয়োজিত রেস্টোরেশন ফ্যাক্টরি বাংলাদেশ ২০২৫ প্রোগ্রামের জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠান গতকাল ৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

এ বছরের কোহর্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫০ জন প্রারম্ভিক পর্যায়ের সবুজ উদ্যোক্তা অংশগ্রহণ করেন। তারা নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু-সহনশীল কৃষি, বর্জ্য ব্যবস্থাপনা ও সার্কুলারিটি, পানি ও স্যানিটেশন, প্রকৃতি-ভিত্তিক সমাধান, টেকসই বনব্যবস্থা, সবুজ উৎপাদন এবং পরিবেশবান্ধব ভোক্তা পণ্যের মতো বিভিন্ন খাতকে প্রতিনিধিত্ব করেন।

নয় মাসব্যাপী এই যাত্রায় উদ্যোক্তারা কাঠামোগত ব্যবসা ইনকিউবেশন, বিশেষজ্ঞ সেশন, জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মেন্টরশিপ এবং সক্ষমতা উন্নয়ন সহায়তা পেয়েছেন। প্রোগ্রামটি জলবায়ু-স্মার্ট ব্যবসা মডেল শক্তিশালী করা, বিনিয়োগ প্রস্তুতি বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উদ্ভাবনকে স্কেল-আপের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তার ওপর গুরুত্ব দিয়েছে।

সমাপনী অনুষ্ঠানে  ১৭ জন উদ্যোক্তাকে নির্বাচিত করে বিশেষজ্ঞ জুরির সামনে তাদের উদ্ভাবনী সমাধান উপস্থাপনের সুযোগ দেওয়া হয়। তাদের প্রস্তাবনায় টেকসই প্রযুক্তি, নিম্ন-কার্বন ব্যবসা মডেল এবং কমিউনিটির সহনশীলতা বৃদ্ধিতে কার্যকর সমাধান উঠে আসে। নির্বাচিতদের মধ্য থেকে চারজন উদ্যোক্তাকে পরিবেশগত প্রভাব, সামাজিক প্রভাব, উদ্ভাবন ও প্রযুক্তি, এবং নারী উদ্যোক্তা অব দ্য ইয়ার- এই চারটি ক্যাটেগরিতে ২,০০০ মার্কিন ডলার করে অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে একটি গ্রিন ইনোভেশন শোকেস’র আয়োজন করা হয়, যেখানে উদ্যোক্তারা তাদের পণ্য ও প্রোটোটাইপ প্রদর্শন করেন। এতে বিনিয়োগকারী, উন্নয়ন অংশীদার এবং বেসরকারি খাতের নেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, UNEP এর প্রতিনিধি এবং দেশের উদ্যোক্তা ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত