শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ এএম

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ রবিবার (১৪ ডিসেম্বর) ভোরে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রথমে সকাল ৭টায় পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। এর কিছুক্ষণ পর, সকাল ৭টা ২০ মিনিটে স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা।

শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। পাশাপাশি বিউগলে করুণ সুর বাজানো হয়, যা পুরো পরিবেশকে গাম্ভীর্য ও শোকের আবহে ভরিয়ে তোলে।

অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথকভাবে উপদেষ্টামণ্ডলীর সদস্য, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত