চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশইন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ এএম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। গতকাল রবিবার ভোরে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্ত দিয়ে দুই দফায় তাদের বাংলাদেশে পুশইন করা হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (১৬ বিজিবি) তাদের আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে। আটকদের মধ্যে ৫ পুরুষ ও ১০ নারী। তাদের মধ্যে ২ জন শিশু রয়েছে। তাদের দাবি, তারা ঢাকা, খুলনা, সাতক্ষীরা, মানিকগঞ্জ, যশোর এবং নড়াইল জেলার বাসিন্দা। রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান জানান, ভোরে সীমান্ত দিয়ে ভারত ১৫ জনকে পুশইন করেছে। তারা বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিল। এ সময় বিজিবি তাদেরকে আটক করে।

বিজিবির ১৬ ব্যাটালিয়নের বিভীষণ ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান বলেন, ভোরে সীমান্তে টহলের সময় ওই ১৫ জনকে দেখতে পায় বিজিবি সদস্যরা। এ সময় তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়েছে বিজিবি। তাদের গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত