রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ পিএম

রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম খলিল অপু (২৫) নামে এক ইলেকট্রিশিয়ান মারা গেছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বেলা ১টার দিকে মৃত ঘোষণা করেন।

অপুকে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী মো. মারুফ জানান, শাহজাহানপুর ২৭৫ গুলবাগ আনন্দ কানন বাসাটিতে লিফট মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন অপু। এতে সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে জানান।

অপুর স্ত্রী শিমু জানান, তাদের বাসা যাত্রাবাড়ী মৃধাবাড়ি এলাকায়। তিনি ছিলেন ইলেকট্রিশিয়ানের। সকালে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, অপুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত