রক্তের প্রয়োজনে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ওয়েব অ্যাপ ‘আপন’

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহাত জামান ‘আপন’ নামে একটি অভিনব ওয়েব অ্যাপ উদ্ভাবন করেছেন। এই অ্যাপের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে রক্তদাতার অবস্থান, এম্বুলেন্স এবং চিকিৎসকের তথ্য মুহূর্তের মধ্যে খুঁজে পাওয়া যাবে।

রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাহাত জামান ওয়েব অ্যাপটির ফিচারসমূহ তুলে ধরেন। তিনি বলেন, ‘আপন’ একটি ম্যাপ ভিত্তিক স্বাস্থ্য পরিসেবা ওয়েব অ্যাপ। যে কেউ সহজেই লগইন করে সদস্য হতে পারবেন।

রক্তের প্রয়োজন হলে নির্দিষ্ট রক্তের গ্রুপ লিখে সার্চ করলে নিকটবর্তী মিলানো এবং উপলব্ধ রক্তদাতাদের বিস্তারিত তথ্য সঙ্গে সঙ্গে দেখানো হবে। এতে রক্তদাতার অবস্থান ও দূরত্বও জানা যাবে, ফলে জরুরি মুহূর্তে দ্রুত এবং কার্যকরভাবে রক্ত পাওয়া সম্ভব হবে।

তিনি আরও জানান, অ্যাপটিতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের পূর্ণাঙ্গ তালিকা থাকবে। প্রয়োজন অনুযায়ী ডাক্তার বা বিভাগের নাম সার্চ করলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। চিকিৎসকদের রেটিং দেওয়ার সুবিধা থাকায় ব্যবহারকারীরা সহজেই ডাক্তার কতটা দক্ষ তা বুঝতে পারবেন। এছাড়া, অ্যাম্বুলেন্স সেবার তথ্যও দেখাবে দূরত্ব, চার্জসহ- যা দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

রাহাত জামান বলেন, ‘আমি চাই দেশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহজে জরুরি সেবা পাবে। অনেক সময় রক্তের অভাবে জীবন ঝুঁকির মুখে পড়ে। এ সমস্যা সমাধানের জন্যই ‘আপন’ ওয়েব অ্যাপটি তৈরি করেছি।’

ওয়েব অ্যাপ লিংক: https://apon.help

সর্বশেষ সর্বাধিক পঠিত