ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের ২নং গুজিয়াম ধনিয়াচালা এলাকার সৌদি প্রবাসী ছাইফুল ইসলাম খান (৪৫) এর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল ভোর রাতে ডাকাতি চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী ছাইফুল ইসলাম খান দীর্ঘ ২৬ বছর ধরে সৌদি আরবে কাজ করেন। ঘটনার সময় বাড়িতে তার স্ত্রী ও সন্তান ছাড়া কেউ উপস্থিত ছিলেন না। ডাকাতরা ধারালো অস্ত্র ও চেতনানাশক স্প্রে ব্যবহার করে পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, ডাকাতদলের হামলায় তারা পুরোপুরি নিঃস্ব হয়ে গেছেন এবং সরকারের কাছে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের আবেদন জানিয়েছেন।
সৌদি প্রবাসী ছাইফুল ইসলাম খান মুঠোফোনে বলেন, ‘আমি দীর্ঘ ২৭ বছর ধরে সৌদি প্রবাসে আছি। মেয়েদের বিয়ের জন্য আনা স্বর্ণালংকার উদ্ধার করে আমাদের সাহায্য করুন।’
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
