হাদিকে গুলি করে হত্যাচেষ্টা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেপ্তার

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ এএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তার হওয়া কবিরকে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ এলাকা থেকে কবিরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

ঘটনাটি ঘটে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, গত শুক্রবার। রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে একটি রিকশায় থাকা অবস্থায় চলন্ত মোটরসাইকেল থেকে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে তিনি মাথায় গুরুতর আহত হন।

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন ওসমান হাদি। গুলিবিদ্ধ হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনও আশঙ্কাজনক।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত