আসিফ নজরুল

দেশ পুনর্গঠনের পথ তৈরি করেছিল ১৬ ডিসেম্বরের প্রত্যয়

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:১২ এএম

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে আজ সকাল ৭টা ৪৫ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. আসিফ নজরুল বলেন, ‘১৬ ডিসেম্বরের যে প্রত্যয় আমাদের মধ্যে ছিল, সেটিই আমাদের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশের পুনর্গঠনের সুযোগ এনে দিয়েছিল। শহীদ মুক্তিযোদ্ধা, আহত মুক্তিযোদ্ধা এবং যে সকল ব্যক্তি স্বদেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা।’

আইন উপদেষ্টা আরও উল্লেখ করেন, ‘এই দিনটি আমাদের বিজয় দিবস। আমি মনে করি, এটি বাংলাদেশের মানুষের জন্য সেরা একটি দিন। জাতীয় স্মৃতিসৌধে আসার সময় আমাদের মুক্তিযুদ্ধকালীন গৌরবগাথা, অসাধারণ বীর মুক্তিযোদ্ধাদের অবদান এবং দেশের উন্নয়নের প্রত্যয় সবকিছু মনে পড়ে।’

এদিন সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর উপদেষ্টা পরিষদের সদস্য এবং তিন বাহিনীর প্রধানরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পরে স্মৃতিসৌধ সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হয়, যাতে তারা নিজেও শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত