জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ এএম

মুক্তিযুদ্ধের মহান ত্যাগী ও বীর সন্তানদের স্মরণে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার মানুষ ফুল, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করছেন।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযুদ্ধের বিভিন্ন সংগঠন, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা মিলিতভাবে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণকে পূর্ণ করেছেন। শ্রদ্ধা ও ফুলের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি সম্মান জানানো হচ্ছে, ফলে বেদীগুলো যেন ফুলে ফুলে ছেয়ে গেছে।

মানিকগঞ্জ থেকে পরিবারের সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে আসা কলেজছাত্রী শারমিন আক্তার বলেন, ‘আমি মুক্তিযুদ্ধ দেখিনি, তবে বইয়ে পড়েছি। আজ প্রথমবার পরিবারের সঙ্গে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরেছি।’

শ্যামলী থেকে এসেছেন আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘যাদের জন্য আমাদের দেশ স্বাধীন হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিটি বছরই জাতীয় স্মৃতিসৌধে আসি। এ বছরও সেই ধারাবাহিকতা বজায় রেখে বীর শহীদদের ফুলের শ্রদ্ধা জানিয়েছি।’

স্কুল শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। সেই জাতির সূর্য সন্তানদের স্মরণে আমরা জাতীয় স্মৃতিসৌধে এসেছি। এই দিনটি আমাদের গৌরবের দিন। তাই দেশের জন্য আত্মদানকারী সকল বীর শহীদদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই।’

সারা দেশের মানুষের এমন উদ্দীপনা ও শ্রদ্ধাবোধ দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি গভীর সম্মান ও জাতীয় পরিচয়ের প্রতিফলন হিসেবে প্রতীয়মান হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত