গোলাম পরওয়ার

‘পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধেই বাংলাদেশের পাশে দাঁড়ায় ভারত’

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম

মহান স্বাধীনতা ও বিজয় দিবসের প্রেক্ষাপটে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত বিজয় ম্যারাথনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ম্যারাথনটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানিক মিয়া এভিনিউ, জাতীয় সংসদ ভবনের সামনে সমাপ্ত হয়।

সমাপনী বক্তব্যে গোলাম পরওয়ার বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানের কাছে পরাজিত হওয়ার প্রতিশোধ হিসেবে ভারত আমাদের পেছনে দাঁড়ায়। গোটা জাতি যখন স্বাধীনতার জন্য নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রায় এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়ে ওসমান হাদির ওপর হামলা ভিন্ন বার্তা দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত ৫৪ বছর ধরে একটি আধিপত্যবাদী শক্তি আমাদের স্বাধীনতার পূর্ণ স্বাদ উপভোগ করতে দেয়নি। যারা চায় না বাংলাদেশে আধিপত্যবাদের বিরোধী শক্তি নির্বাচনে জয়ী হোক, তারাই হাদির ওপর হামলার দায়ী।’

গোলাম পরওয়ার আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে জনগণ আধিপত্যবাদের বিরোধী ইসলামী শক্তিকে তাদের ম্যান্ডেট দিয়ে সংসদে পাঠাবে। পাশাপাশি তিনি তরুণ প্রজন্মকে আহ্বান জানান ইতিহাস সম্পর্কে সচেতন হওয়ার জন্য। তিনি বলেন, ‘জগজিৎ সিং অরোরার কাছে জেনারেল নিয়াজিকে কেন আত্মসমর্পণ করতে হয়েছিল, সেই ইতিহাস জানতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত