বহুল প্রতীক্ষিত মিরপুরের ৬০ ফিট সংযোগ সড়ক নির্মাণের পর সর্বসাধারণের যান চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে।
আজ বুধবার বিকেলে এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ডিএনসিসি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক বলেন, এই শহরের গত ১৫, ২০ কিংবা ৩০ বছরের যে পেন্ডিং কাজগুলো রয়েছে, সেগুলো আমরা একে একে সমাধান করার চেষ্টা করছি। ৬০ ফিট সংযোগ সড়কের কাজটি দীর্ঘ ১৭ বছর ধরে ঝুলে ছিল। এই সড়কের কাজের সঙ্গে সরকারের আরও অনেকগুলো দপ্তর জড়িত ছিল। বলা হয় যে সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে কাজের সমন্বয় করা কঠিন। কিন্তু এ রাস্তাটির ক্ষেত্রে আমরা সেই কঠিন কাজটি শেষ করে মাত্র ২ মাসেই নগরবাসীর জন্য রাস্তাটি খুলে দিতে পেরেছি।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, রাস্তাটির একটি প্রতীকী তাৎপর্য রয়েছে। তা হলো— সরকারের সকল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যদি এক জায়গায় এসে কাজ করে, তাহলে এই নগরকে এখনো বাসযোগ্য করে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, আমাদের নগরবাসীকে দৈনন্দিন হয়রানি থেকে মুক্তি দিতে হবে। তাহলেই সকলের জন্য একটি ন্যায্য নগর গড়ে তোলা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক বিভাগের মহাপরিচালক এস এম শাহাব উদ্দীন, ডিএনসিসি’র প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দীন, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দীনসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
