দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩২ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বুধবার (১৭ ডিসেম্বর) পর্যন্ত দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ৪৮২ দশমিক ৮৮ মিলিয়ন ডলারে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী একই সময়ে দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ হাজার ৮১৭ দশমিক ৮৬ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে গত ১১ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২ হাজার ১২২ দশমিক ৯২ মিলিয়ন ডলার। ওই সময় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৭ হাজার ৪৫৪ দশমিক ৯১ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানায়, আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী স্বল্পমেয়াদী বৈদেশিক দায় বাদ দিয়ে যে হিসাব করা হয়, সেটিই প্রকৃত বা নিট রিজার্ভ হিসেবে বিবেচিত হয়। এই পদ্ধতিতে রিজার্ভের অবস্থান দেশের বৈদেশিক লেনদেন সক্ষমতা মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।